২০২৪ নাগাদ এনডেমিকে পরিণত হবে করোনা

আগামী ২০২৪ সাল পর্যন্ত করোনা মহামারির প্রকোপ বজায় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) ফাইজারের গ্লোবাল প্রেসিডেন্ট ন্যানেট কোচেরো বলেন, ২০২৪ সাল নাগাদ করোনা প্যানডেমিক থেকে এনডেমিকে পরিণত হবে, অর্থাৎ এটি বৈশ্বিক মহামারি থেকে ফ্লুর মতো আঞ্চলিক প্রাদুর্ভাব হিসেবে বজায় থাকবে। 

তিনি বলেন, যখন যথেষ্ট সংখ্যক মানুষ টিকা নেওয়ার ফলে এবং আক্রান্ত থেকে সেরে ওঠার পর ইমিউনিটি গড়ে তুলবেন তখন ধীরে ধীরে আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যাও কমে আসবে। 

আরও পড়ুন: পূর্ব ইউরোপে ন্যাটোর কার্যক্রম বন্ধের দাবি রাশিয়ার

'কখন এবং কীভাবে এটি ঘটবে তা নির্ভর করবে ভাইরাসটির বিবর্তনের ওপর এবং কতটা দ্রুত আমরা টিকা এবং চিকিৎসা সরবরাহ করতে পারি তার ওপর', বলেন কোচেরো। 

এদিকে ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডোলস্টেন বলেন, নতুন নতুন ধরনের আবির্ভাবও মহামারির গতিপথকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। তার মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনার এনডেমিক পর্যায়ে বিবর্তনের গতি ভিন্ন হতে পারে। 

'আগামী দুই বছরে দেখা যাবে কিছু কিছু অঞ্চল প্যানডেমিক থেকে এনডেমিক পর্যায়ে চলে গেছে, আর অন্যরা প্যানডেমিক পর্যায়ের সাথেই লড়ে চলেছে', বলেন তিনি। 


একাত্তর/এসজে