ওমিক্রনের টিকা তৈরি করবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের জন্য টিকা তৈরির ঘোষণা দিয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) তারা জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে এই টিকা তৈরিতে কাজ করছে তারা। 

অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য টিকা তৈরির প্রাথমিক পদক্ষেপ নিয়েছি।’ গত সপ্তাহে এক পরীক্ষাগার গবেষণায় ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরির প্রাথমিক সফলতা পেয়েছে বলে জানিয়েছে তারা। 

অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, এই টিকা ভাইরাসটির নতুন নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও দ্রুত কাজ করবে। 

আরও পড়ুন: মার্কিন করোনা সহায়তা তহবিল থেকে শত বিলিয়ন ডলার চুরি

এদিকে, ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ।

নভেম্বরের শেষের দিকে এটি দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এরমধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।

বড়দিনের উৎসবের পর কঠোরভাবে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। 


একাত্তর/এসজে