ছাঙ্গু লেক এলাকা থেকে হাজারের বেশি পর্যটক উদ্ধার

প্রবল তুষারপাত ও ঠান্ডার কারণে সিকিমের ছাঙ্গু লেক এলাকায় আটকে পড়া এক হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতের সেনাবাহিনী। 

সোমবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রোবাবার ছাঙ্গু লেক এলাকা থেকে পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নেমে আসার ব্যবস্থা করে সিকিম প্রশাসন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। 

এর আগে শনিবার প্রাথমিক খবরে জানা যায়, ওই অঞ্চলে অন্তত ৩০০ পর্যটক আটকে রয়েছেন। পরে একই দিন রাত ১১টা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী তাদের ১৭ মাইল ছাউনি থেকে ছাঙ্গু লেক পর্যন্ত জওহরলাল নেহরু রোড বরাবর প্রায় ১৫ কিলোমিটার লম্বা এলাকা জুড়ে উদ্ধার কাজ চালায়। সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীও ছিল। 

সেনা কর্মকর্তারা জানান, সব মিলিয়ে এক হাজারের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। তাদের শনিবার রাতেই নিরাপদে শিবিরে এনে সমস্ত সাহায্য করা হয়। দেওয়া হয় গরম জামাকাপড় ও খাবার। 

কর্নেল দেবেন মাখিজা রোববার জানান, প্রবল ঠান্ডায় তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্যের নীচে। খুব অল্প সময়ের মধ্যেই বরফ জমে গিয়ে রাস্তা পিছল হয়ে যাচ্ছিল। তার মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যায় সেনার ব্ল্যাক ক্যাট ডিভিশন। 


আরও পড়ুন: জাপানে তুষারপাতের কারণে শতাধিক ফ্লাইট বাতিল

পূর্ব সিকিমের পুলিশ সুপার শিবা এল্লাসিরি জানান, দিল্লি, কলকাতা ছাড়াও অন্যান্য এলাকা থেকেও পর্যটক এসেছিলেন। তুষারপাতের মধ্যে হাঁটার জন্য শিবিরে আনার পর কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সিকিম প্রশাসন। 


একাত্তর/আরবিএস