ওমিক্রন আতঙ্কে নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব

করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আসছে একটার পর একটা দুঃসংবাদ। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী দৈনিক গড়ে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। 

ওমিক্রন সুনামির এই আতঙ্কের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর কর্মসূচি সীমিত করা হয়েছে। 

লন্ডন, প্যারিস, জুরিখ, ব্রাসেলস এবং রোমসহ ইউরোপের বেশ কয়েকটি বড় শহরে কনসার্ট এবং আতশবাজি পোড়ানোর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সাধারণত এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা সম্পর্কিত তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এর আগের দিন ১৫ লক্ষাধিক ব্যক্তি করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ লক্ষাধিক। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ছয় হাজার ৭৫৮ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৪৯৫ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৮ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৮৫৫ জন। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৪৫ হাজার ৬৫৭ জন।

আগেরবারের মতো এবারও সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ লাখ ৬৫ হাজার ৯৮৭ জন করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩৫৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ৩৬৯ জন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৮১ জন ও মারা গেছে ৮ লাখ ৪৫ হাজার ৭৩৭ জন। দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ২ লাখ ৬ হাজার ২৪৩ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ১৩ হাজার ৪০৫ জন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির শনাক্ত মোট রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৩৯ জন। আর এতে মারা গেছে ৬ লাখ ১৯ হাজার ২৪ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন এবং মারা গেছে ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৬৭০ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইরান, ইতালি ও আর্জেন্টিনা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে মারা গেছে ২৮ হাজার ৬৩ জন। দেশে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/এসজে