গুজরাটে বিষাক্ত গ্যাসে ছয় শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২৫

ভারতের গুজরাট রাজ্যে রাসায়নিক বর্জ্যের ট্যাঙ্কার থেকে নির্গত বিষাক্ত গ্যাসে এখন পর্যন্ত ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে গুজরাটের সুরাট জেলার এ ঘটনায় আরও ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। 

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি সি আর পাতিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এবং অন্যান্যরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। হাসপাতালের জরুরি বিভাগে যাদের চিকিৎসা চলছে, তাদের উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সুরাট পৌর কর্পোরেশনের (এসএমসি) প্রধান দমকল কর্মকর্তা বসন্ত পারেখ জানিয়েছেন, শচিন শিল্প এলাকায় একটি ডাইং ও প্রিন্টিং মিলের ট্যাঙ্কার লিকের কারণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা আশপাশেই ছিলেন।

বসন্ত পারেখ আরও জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৪টা ২৫ মিনিটের দিকে দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় কারখানাটির কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা রাসায়নিক বর্জ্যবাহী ট্যাঙ্কার থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। ওই গ্যাসের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিক জ্ঞান হারান। তাদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরে দমকল বিভাগ ট্যাঙ্কারের ভালব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

আরও পড়ুন: মাহবুব তালুকদার এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন: সিইসি

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ওমকার চৌধুরি জানান, এ ঘটনায় ছয় জন মারা গেছেন এবং অসুস্থ ২৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুজরাট পুলিশ জানিয়েছে, রাসায়নিক ভর্তি ওই ট্যাঙ্কারটি থেকে বর্জ্য পদার্থ বের করে নর্দমায় ফেলার সময় ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্টদের ধারণা, নিয়ম লঙ্ঘন করে ওই নর্দমায় রাসায়নিক বর্জ্য ফেলার সময় দুর্ঘটনাটি ঘটে।

 

একাত্তর/আরবিএস