পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পর্যবেক্ষণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
গতকাল বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, উনি তো এরকম কথা সবসময় বলেন। একেক সময় একেক শব্দ চয়ন করেন মিডিয়ায় প্রচার করার জন্য। উনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এসব কথা বারবার বলেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। আমরা তাদের বারবার বলি সহনশীল হতে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য মর্মাহত। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি-নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসা পরায়ণ নয়। রক্তপাত নয়।
আরও পড়ুন: আবরার হত্যাকাণ্ড: ফাঁসির আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
প্রশাসনিক দুর্বলতার কারণে সহিংসতা হচ্ছে। পুলিশও অনেক সময় ভিকটিম হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। প্রচুর ধৈর্য সহকারে তারা দায়িত্ব পালন করেন, বলেন প্রধান নির্বাচন কমিশনার।
একাত্তর/আরএ
