করোনার বিধিনিষেধ শিথিল করলো নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসে সংক্রমণের উর্ধগতির মধ্যেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছে সরকার। বুধবার (২৬ জানুয়ারি) থেকেই এইসব বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

করোনার ওমিক্রনের কারণে গতবছরের ১৮ডিসেম্বর থেকে দেশটিতে চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে বার, রেস্টুরেন্ট ও জাদুঘর সহ বিনোদন কেন্দ্র।

এছাড়া ৯ জানুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বর্তমানে দেশটিতে দৈনিক ৬০ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হচ্ছেন।

এরপরও প্রধানমন্ত্রী মার্ক রুট জানন, ঝুঁকি নিয়েই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নেদারল্যান্ডসের ৯০ শতাংশ মানুষ টিকা নিলেও সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করে সরকার।

সংক্রমণ বাড়লেও সে অনুপাতে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অনেক কম বলে জানিয়েছেন নেদার‌ল্যান্ডসের স্বাস্থ্য ও জীবাণু বিশেষজ্ঞরা।

গত বছর ডেলটার কারণে যে ছারখার অবস্থা হয়েছিলো, চলতি বছরে সেই পরিস্থিতি হয়নি। হাসপাতালে ভর্তি রোগীদের শতকরা ৪০ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ করোনার রোগী।

আরও পড়ুন: লবিস্ট নিয়োগের আরও তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সোমবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে বিধিনিষেধ শিথিল করার সুপারিশ করে।

এ সময় তারা জানান, রেস্তোরাঁ, পানশালা, জাদুঘর, থিয়েটার ইত্যাদি জনসমাগমপূর্ণ স্থানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে সবাইকে ঢালাওভাবে সেসব স্থানে প্রবেশ করতে দেয়া হবে না। যারা করোনা টিকার দুই ডোজ নিয়ে হেলথ পাস পেয়েছেন, কেবল তাদেরকেই প্রবেশ করতে দেয়া হবে।

 

একাত্তর/আরবিএস