আফগানিস্তানে গ্রেপ্তার নারী অধিকার কর্মী মুক্ত

আফগানিস্তানে জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া এক নারী অধিকার কর্মীকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, তামানা জারিয়াবি পারিয়ানি নামে ওই নারীর মুক্তির খবর নিশ্চিত করেছে দুই সূত্র। তবে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

নারী অধিকার আদায়ের লক্ষ্যে গত মাসে কাবুলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন, তামানা। এর পরপরই তাকে দুই বোনসহ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি। 

তারা তালেবানের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান। 

তালেবান মুখপাত্র সুহেল শাহীন বলেন, 'তালেবান যদি তাকে গ্রেপ্তার করে থাকতো তাহলে আমরা তা স্বীকার করতাম। তারপরও আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলে আমরা প্রয়োজনে আদালতে যাবো।' 

আরও পড়ুন: ইয়েমেনে পাঁচ জাতিসংঘ কর্মী অপহৃত

বিদেশে রাজনৈতিক আশ্রয় লাভের উদ্দেশ্যে এ ধরনের নাটক সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

গত বছর তালেবান আফগানিস্তান দখল করার পর সেখানে নারী অধিকার পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। আফগানিস্তানই পৃথিবীর একমাত্র দেশ যেখানে লিঙ্গের ভিত্তিতে শিক্ষার অধিকারকে সীমিত করা হয়। 

শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীর যাতায়াত সীমিত করার প্রতিবাদে জানুয়ারি মাসে কাবুলের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অধিকার কর্মীরা। 


একাত্তর/এসজে