জাতিসংঘ দাবি করেছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে তাদের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। মাঠ পর্যায়ের কাজ শেষে এডেনে ফিরছিলেন তারা।
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি জানান, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আবিয়ান থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে জাতিসংঘ বলেও উল্লেখ করেন গিকি।
তবে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘ কর্মীদের কারা অপহরণ করতে পারে সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
এদিকে, ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।
অপহৃত পাঁচ কর্মীর মধ্যে চারজনই ইয়েমেনি বলে জানা গেছে। তাদের বর্তমান অবস্থান অজ্ঞাত বলে জানিয়েছেন ইয়েমেনি কর্মকর্তারা।
ইতিমধ্যে অপহরণকারীরা পাঁচ জাতিসংঘ কর্মীর মুক্তির বিনিময়ে কারাবন্দি কয়েক জঙ্গির মু্ক্তি চেয়েছে বলেও জানা গেছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণই বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)। তারা এক বিবৃতিতে এই অপহরণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অ্যাখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, দেশটিতে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের লড়াই চলছে। ২০১৫ সালে রাজধানী সানা থেকে সৌদি সমর্থিত সরকারকে হুতিরা উৎখাত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়।
ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ নেওয়া আর লাখো মানুষকে উদ্বাস্তুতে পরিণত করা এই সংঘাতের কারণে দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
