মেক্সিকোর পশ্চিমাঞ্চলের রাজ্য মিচোয়াকানে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসের বাড়ি দখল করে রেখেছে সেনাবাহিনী।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নারাঞ্জো ডি চিলা শহরে সার্ভান্তেসের বাড়ি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। সেইসাথে সামরিক যান ও স্থলমাইন শনাক্তকরণ টিম শহরে টহল দিচ্ছে।
এর আগে গত নভেম্বরে সার্ভান্তেসের স্ত্রী রোজালিন্ডা গঞ্জালেজকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী।
গত কয়েক সপ্তাহে নারাঞ্জোতে বিভিন্ন মাদক গ্যাংয়ের পুতে রাখা মাইন বিস্ফোরণে এক কৃষক নিহত এবং বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন।
'এল মেঞ্চো' নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা। গত কয়েকবছর ধরে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
আরও পড়ুন: অটোয়ায় পুলিশ-টিকাবিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার শতাধিক
জালিস্কো কার্টেলকে মেক্সিকোতে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার জন্য দায়ী করা হয়। এর মধ্যে রয়েছে ২০১৫ সালে পুলিশের ওপর অ্যামবুশ, যেখানে ১৫ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়।
এছাড়াও ২০২০ সালে মেক্সিকো সিটির পুলিশ প্রধানের ওপর আততায়ী হামলার জন্যও দায়ী করা হয় তাদের।
আগুইলিয়া মিউনিসিপ্যালটিতে আধিপত্য বিস্তার নিয়ে জালিস্কো কার্টেল প্রতিপক্ষ লস ভায়াগ্রাস কার্টেলের সাথে বহু বছর ধরে লড়াইয়ে লিপ্ত। এই শত্রুতার জের ধরে প্রায়ই সেখানে পাল্টাপালটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, বিস্তৃত মাদক পাচার রুটের জন্য মেক্সিকোর মিচোয়াকান রাজ্য মাদক কার্টেলগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা।
একাত্তর/এসজে