কানাডার রাজধানী অটোয়াতে টিকাবিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের পর শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বিক্ষোভ থামাতে অপারেশন শুরু করে অটোয়া পুলিশ। এসময় বিক্ষোভকারীরা বাধা দিলে তাদের গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভকারীদের শহর ছাড়তে নির্দেশ দেয়া হলেও তাদের অনেকেই তা মানতে অস্বীকৃতি জানান। এরপরই পার্লামেন্ট হিলের কাছে বিক্ষোভস্থানের একেবারে কেন্দ্রে গিয়ে তাদের সরাতে উদ্যত হন কয়েকশ' পুলিশ কর্মকর্তা।
এরপর হাত ধরাধরি করে মানবশেকল তৈরি করে কানাডার জাতীয় সঙ্গীত গাইতে থাকেন বিক্ষোভকারীরা।
মূল সমাবেশ স্থলের আশেপাশে একশ'টিরও বেশি চেকপয়েন্ট স্থাপন করেছে পুলিশ। এর আশেপাশে কাউকে দেখলেই গ্রেপ্তার করা হবে বলে নিজেদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে তারা।
আরও পড়ুন: গ্রীসে ফেরি দুর্ঘটনায় নিখোঁজ ১১
এর আগে বিক্ষোভকারীরা মিলে শহরের জরুরি সেবা লাইন ৯১১ ও অন্যান্য ফোন লাইন বন্ধ করে দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে শিশুদের বর্ম হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে।
প্রায় তিন সপ্তাহ ধরে চলা টিকাবিরোধী আন্দোলন সামলাতে ব্যর্থ হয়ে গত সোমবার অটোয়ায় জরুরি অবস্থা জারি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এর পরদিনই আন্দোলন ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেন অটোয়ার পুলিশ প্রধান পিটার স্লোলি।
একাত্তর/এসজে
