চেরনোবিলে বাড়ছে পারমাণবিক বিকিরণ, শঙ্কায় ইউক্রেন

ইউক্রেনের সেনাদের হটিতে দেশটির চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, চেরনোবিল অঞ্চলে পারমাণবিক বিকিরণের মাত্রা বেড়েছে। রুশ সেনাদের আক্রমণের ফলে সেখানে 'ভয়াবহ পরিণতি' হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪ জানায়, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তার সেনাদের ইউক্রেন আক্রমণ করার নির্দেশ দেন এবং একইদিনে রুশ সেনারা পৃথিবীর অন্যতম তেজস্ক্রিয় স্থান চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে।

ইউক্রেন কর্তৃপক্ষ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে জানিয়েছে যে, এই কেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

ইউক্রেনের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক আগ্রাসনের কারণে উল্লেখযোগ্য পরিমাণ প্লুটোনিয়াম-২৩৯ পারমাণবিক বোমায় পরিণত হতে পারে যা হাজার হাজার হেক্টর অঞ্চলকে ধ্বংস করতে পারে। প্রাণহীন মরুভূমিতে পরিণত করতে পারে ওই অঞ্চলকে। 

মন্ত্রণালয়ের শঙ্কা, এই ধরনের বিপর্যয়ের মানবিক এবং পরিবেশগত পরিণতির কোনো সীমা নেই। বিষয়টি মানুষের জন্য ভয়ঙ্কর হবে। 

ইউক্রেনের পার্লামেন্ট বলেছে, চেরনোবিল অঞ্চলে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে পাওয়া তথ্যগুলো স্বাভাবিক মাত্রার বিকিরণের চেয়ে বেশি বিকিরণ নির্দেশ করছে।

পার্লামেন্ট এক বিবৃতিতে জানায়, গামা বিকিরণের মাত্রা 'উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষণ পয়েন্ট অতিক্রম করছে।'

বার্তা সংস্থা এএফপি'র সাথে কথা বলার সময় ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেটের একজন কর্মকর্তা আলেকজান্ডার গ্রিগোরাশ বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৩টা ২০ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, চেরনোবিল অঞ্চলে বিকিরণের মাত্রা বেড়েছে। 

আরও পড়ুন: ইউক্রেন সংকট নিয়ে পুতিন-জিনপিং ফোনালাপ

স্যাটেলাইট চিত্রে চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 

পারমাণবিক সুবিধা সুরক্ষা বিভাগের উপ-প্রধান গ্রিগোরাশের অভিযোগ, রুশ সেনারা এই প্ল্যান্টের নিয়ন্ত্রণ নেওয়ার পরে সাইট থেকে ইউক্রেনের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, প্ল্যান্টের তেজস্ক্রিয়তার মাত্রা 'স্বাভাবিক'।

উল্লেখ্য, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২৬শে এপ্রিল, ১৯৮৬ তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। যা চেরনোবিলের বিপর্যয় হিসাবে পরিচিত। চেরনোবিল অঞ্চলটি বর্তমান ইউক্রেনের অন্তর্ভূত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। 


একাত্তর/আরবিএস