এবার রাশিয়ার বিরুদ্ধে মসজিদে গোলাবর্ষণের অভিযোগ

দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের। 

শনিবার (১২ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, মসজিদ এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেলেও এখনো প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।  

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইট বার্তায় জানান, মারিউপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) নামে পরিচিত মসজিদটিতে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। তুরস্কের নাগরিকসহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে ছিল।

এই হামলায় কেউ নিহত বা আহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি দিমিত্র কুলেবা। 

এদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে বেসামরিক এলাকাগুলোকে টার্গেট করার কথা অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুতিন প্রশাসন।  

আরও পড়ুন: ১২ দিনে মারিউপোলে ১৫৮২ জনের প্রাণহানি: দিমিত্র কুলেবা

ইউক্রেনের অভিযোগ, মারিউপোল থেকে বেসামরিক লোকদের বের হওয়ার অনুমতি দিচ্ছে না রাশিয়া। সেখানে অবরোধের কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। 

অন্যদিকে মানুষ সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার ব্যর্থতার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

মারিউপোল শহরে গেলো দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। রুশ সেনারা শহরটিকে ঘিরে রেখেছে এবং হামলা চালাচ্ছে। 


একাত্তর/আরবিএস