নিজেদের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার (২৪ মার্চ) হোয়াসং-১৭ নামের এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। ২০১৭ সালের পর এটি উত্তর কোরিয়ার উৎক্ষেপিত সবচেয়ে বড় মিসাইল।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন নিজে এই মিসাইলের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। একে পারমাণবিক যুদ্ধ এড়ানোর মূল উপায় বলে দাবি করেন তিনি।
কিম আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক প্রচেষ্টা মোকাবেলা করতে প্রস্তুত তারা।
দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনীর তথ্য থেকে জানা যায়, হোয়াসং-১৭ মিসাইলটি আগের যেকোনো পরীক্ষামূলক মিসাইলের চেয়ে বেশি উচ্চতায় ও বেশি সময় ধরে ওড়ার পর জাপানের পশ্চিমে সাগরে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: গদি রক্ষায় সময় পেলেন ইমরান খান
মিসাইলটি এক হাজার কিলোমিটারেরও বেশি দুরত্ব অতিক্রম করে ছয় হাজার ২৪৮ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছায়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, মিসাইলটি ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ তথ্য সত্যি হলে দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ বাদে পৃথিবীর যেকোনো অংশে আঘাত করতে পারবে এটি।
একাত্তর/এসজে