করোনা মহামারী কি অনন্তকালের, এমন প্রশ্নই এখন ঘুরে ফিরে উঠছে মানুষের মনে। গোটা বিশ্বে ব্যাপক টিকাকরণের পরও করোনা ভাইরাসের বিদায় নেয়ার কোন লক্ষণ নেই।
চীনের উহানে প্রথম শনাক্ত হবার পর ভাইরাসের ধর্ম অনুযায়ী প্রতিদিনই রূপ বদল করে যাচ্ছে করোনা। এর ফলে কোন কোন রূপ ভয়ংকর হয়ে মহামারীর পালে হাওয়াও লাগিয়েছে।
আলফা, বেটা, ডেল্টা এবং ওমিক্রণের মতো প্রবল সংক্রামক রূপের কারণে করোনা মহামারী তৃতীয় ঢেউ পার করেও যেন শক্তি হারাচ্ছে না।
এমন পরিস্থিতিতেই নতুন ভয় নিয়ে হাজির হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন এক্সই। যা গত জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হলেও, ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশেই।
শেষ পর্যন্ত এক্সই হাজির হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও। মুম্বাইয়ে এক্সই ধরনের পাশাপাশি করোনা ভাইরাসের আর একটি রূপ কাপ্পারও খোঁজ মিলেছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক্সই ওমিক্রনের দুই উপজাতের মিশ্রণ। একই ব্যক্তি যখন করোনার একাধিক ধরনে আক্রান্ত হন, সেসবের সংমিশ্রণে নতুন ধরনের উৎপত্তি হয় বলে মত তাঁদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ রূপের তুলনায় প্রায় ১০ গুণ বেশি সংক্রামক। তবে এটি কতোটা ভয়ংকর, তা বলার সময় আসেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক লক্ষণকে করোনার এই রূপের উপসর্গ বলে চিহ্নিত করেছে। এসবের মধ্যে রয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর, আকস্মিক ছোঁয়াচে কাশি,স্বাদ ও গন্ধের অনুভূতিতে বদল।
এছাড়া শ্বাসকষ্ট, ক্লান্তি, গা-হাত-পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে অবিরাম জল পড়া, ক্ষুধামান্দ্য, ডায়রিয়া গা গোলানোর উপসর্গও হতে পারে।