পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে নাকচ করে যে সিদ্ধান্ত ডেপুটি স্পিকার দিয়েছিলেন, তা বাতিল করে ভেঙে দেওয়া জাতীয় পরিষদ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

একইসঙ্গে আদালত শনিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানেরও নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সমাপ্তি ছাড়া অধিবেশন মুলতবি করা যাবে না বলেও জানায় আদালত। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দেশটির সর্বোচ্চ আদালত সরকারের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এবং ডেপুটি স্পিকার কাসিম সুরির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার সিদ্ধান্ত ‘সংবিধান বিরুদ্ধ’ উল্লেখ করে এক রায় ঘোষণা করেছে।

এই রায়ে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর অধিকার নেই রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেবার।’

এখন পর্যন্ত পার্লামেন্ট প্রসঙ্গে সরকারের নেয়া সব সিদ্ধান্ত বাতিলের কথাও বলা হয়েছে এই রায়ে।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ পাঁচদিনের শুনানি শেষে এ রায় দেন।

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে সংবিধানের ৯৫ ধারার লঙ্ঘন উল্লেখ করে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, সুপ্রিম কোর্ট টানা পাঁচ দিন সুরির ‘অসাংবিধানিক’ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে।


একাত্তর/জো