ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা উত্তাল রাজনীতির আবহেই দেশের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চরম ধাক্কা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। তবে সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় ঐতিহ্যের তোয়াক্কা না করে ক্ষমতার পৃথকীকরণ নীতি মনে করিয়ে দিয়ে সেই আর্জি সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি।
ইন্ডিয়া জোটের পরিকল্পনা ছিল সুপ্রিম কোর্ট অভিমুখে এক সুবিশাল পদযাত্রা বের করে প্রধান বিচারপতির হাতে নির্বাচন কমিশনার সংক্রান্ত দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেয়ার। তার ঠিক আগেই ইন্ডিয়া টুডে টিভি’র হাতে আসা সিজেআই সূর্য কান্তের কড়া চিঠিতে বৈঠকের আবেদন নাকচের সুস্পষ্ট কারণ সামনে এসেছে। চিঠিতে সিজেআই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিরোধী নেতারা যেসব বিষয় তুলে ধরতে চাইছেন, তা ইতিমধ্যেই বিচারাধীন। ফলে বিচার বিভাগের কর্মকর্তা হিসেবে ব্যক্তিগত বৈঠকে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করা বিচারবিভাগীয় নৈতিকতা ও সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।
প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁর চিঠিতে লিখেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আলোচনার জন্য কোনো বৈঠকের আয়োজন করা ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম অংশ 'ক্ষমতার পৃথকীকরণ' নীতিকে পুরোপুরি লঙ্ঘন করে। তিনি আরও মনে করিয়ে দেন, বিরোধী নেতাদের তোলা এই প্রশাসনিক জটিলতা সমাধানের প্রশাসনিক একচ্ছত্র ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। তবে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় আদালত যে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেন তিনি।
কংগ্রেস নেতৃত্বকে রাজনৈতিকভাবে স্মারকলিপি না দিয়ে আইনি পথে আসার স্পষ্ট পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি বলেন, ব্যক্তিগতভাবে স্মারকলিপি দেওয়ার চেয়ে আপনাদের উচিত আদালতের বিচারবিভাগীয় ক্ষমতাকে কাজে লাগানো। তিনি জানান, এই একই সংক্রান্ত অন্যান্য মামলার শুনানি মঙ্গলবার নির্ধারিত রয়েছে। রাহুল ও খাড়গেকে বার্তা দিয়ে তিনি আরও বলেন, আপনারা চাইলে সোমবার সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০-এর মধ্যে সশরীরে অথবা ই-ফাইলিংয়ের মাধ্যমে আপনাদের আবেদন জমা দিতে পারেন। আইন অনুযায়ী যে কোনো পিটিশন জমা পড়লে তা দ্রুততম সময়ে শুনানির আশ্বাসও দিয়েছেন প্রধান বিচারপতি। সিজেআই-এর এই কড়া ও স্পষ্ট বার্তায় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গেছে!
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
