‘মস্কোর শত্রুদের চিন্তার খোরাক জোগানো’ ‘অতুলনীয়’ নতুন ‘সারমাৎ’ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
বুধবার (২০ এপ্রিল) রুশ টেলিভিশনে দেখানো হয়, রাশিয়ার উত্তর-পশ্চিমে প্লেসেৎস্ক থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি সুদূর পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসময় সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
এই ক্ষেপনাস্ত্র সম্পর্কে পুতিন বলেন, ‘সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্টসম্পন্ন’ এই ক্ষেপনাস্ত্র যেকোনো আধুনিক ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে সক্ষম। এটির সমকক্ষ কোনোকিছু পৃথিবীতে নেই এবং আসন্ন দীর্ঘ সময়েও হবে না।
তিনি বলেন, এই ‘অতুলনীয়’ সমরাস্ত্র রুশ সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি ও বহিঃশত্রুর হুমকি থেকে রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দেবার সাথে সাথে তাদের চিন্তার খোরাক যোগাবে যারা ফেনায়িত উত্তেজনাপূর্ণ বাগাড়ম্বরে রাশিয়াকে হুমকি দেবার চেষ্টা করছে।
ইউএস কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যানুযায়ী, ‘সারমাৎ’ দূরপাল্লার নতুন এক ভারী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যতে একইসাথে দশ বা ততোধিক নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত করা সম্ভব।
বছরব্যাপী এই ক্ষেপনাস্ত্রের উন্নয়নের কাজ চলছিলো, ফলে এর পরীক্ষা চালানো পশ্চিমাদের কাছে বিস্ময়কর কিছু নয়। কিন্তু এমন এক সময়ে এই অভিযান চালানো হলো যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানো নিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
একাত্তর/জো