আটকে পড়াদের ভাগ্য শুধুই পুতিনের হাতে: মারিওপোলের মেয়র

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বন্দরনগরী মারিওপোলে আটকে পড়া এক লাখ বেসামরিকের ভাগ্য এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে বলে মন্তব্য করেছেন মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি স্যাটেলাইট ছবিতে গণকবর ধরা পড়ার কথা উল্লেখ করে দাবি করেন, মৃতের সংখ্যা লুকাতে রাশিয়ানরা মরদেহ পুঁতে ফেলছে।

বোইচেঙ্কোর এ বক্তব্যের আগেই মারিওপোলের যুদ্ধে বিজয় দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় দুই মাস ধরে শহরটি অবরুদ্ধ হয়ে আছে রুশ বাহিনীর হাতে। 

মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেন, ‘এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এখনও যারা সেখানে আছে তাদের জীবন এখন শুধুমাত্র ভ্লাদিমির পুতিনের হাতে।’ আর এই সময়ের পর যাদের মৃত্যু হবে তাদের মৃত্যুর জন্য পুতিনই দায়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার পুতিন মারিওপোলের পতনের ঘোষণায় বলেন, রুশ সেনারা মারিওপোল ‘মুক্ত’করেছে। 

বোইচেঙ্কো বলেন, ‘শহর মুক্ত করার কোনও পরিকল্পনা তাদের ছিলো না, ছিলো ধ্বংসের পরিকল্পনা।’ 

গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মারিওপোলের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। 

মারিওপোলে যুদ্ধবিরতি দরকার উল্লেখ করে বোইচেঙ্কো বলেন, ‘সব পর্যায়ে এখন আমরা শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে কথা বলছি।’

রুশ বাহিনীর হাতে বন্দি মারিওপোলের এক লাখ বাসিন্দাদের সম্পূর্ণ সরিয়ে নেওয়া এবং আজভস্টলে থাকা সব মানুষকে মুক্ত করতে এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানান তিনি। 

এদিকে, রুশ বাহিনী মারিওপোলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও ইউক্রেনীয় যোদ্ধাদের একটি দল শত শত বেসামরিককে নিয়ে আজভস্টল স্টিল কারখানার বাঙ্কারে আশ্রয় নিয়েছে। পুতিন তাদের আত্মসমর্পণ কিংবা মৃত্যু যেকোনও একটা বেছে নিতে বলেছেন।

আর এ প্রসঙ্গে মেয়র বোইচেঙ্কো বলেন, ‘সেনারা আত্মসমর্পণ করতে চায় না। তারা সরে যেতে চায় কেবল অস্ত্র সঙ্গে নিয়ে। আমাদের মাতৃভূমি, আমাদের ইউক্রেন রক্ষা করে যেতে চায়।’


একাত্তর/জো