রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই সাম্প্রতিক আক্রমণ।
ভলগা নদীর তীরে অবস্থিত তেল শোধনাগার সমৃদ্ধ সারাতোভ অঞ্চলের গভর্নর রোমান বুসারগিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে সেখানকার বেশ কিছু নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলটি নিয়মিত ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
অন্যদিকে, মস্কোর উত্তর-পূর্বে এবং ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার দূরে অবস্থিত কিরোভ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার সকোলভ জানিয়েছেন, উরঝুমস্কি জেলার একটি শিল্প স্থাপনায় ড্রোন আঘাত হেনেছে।
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার রস্তোভ, ভোরোনেজ এবং বেলগোরোদ অঞ্চলের গভর্নররাও রাতে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় ৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপে মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ সাধারণ মানুষের জন্য পেট্রোল বা জ্বালানি বিক্রির ওপর নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও, সামরিক বিশ্লেষকদের ধারণা, বিগত কয়েক মাস ধরে ক্রিমিয়া সংলগ্ন দক্ষিণ-পশ্চিম রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ইউক্রেনের ক্রমাগত হামলার কারণেই এই সংকট তৈরি হয়েছে।
