পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দু’এক
দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা
কামার জামান কায়রা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত ছিলেন। তবে, তিনি সেদিন শপথ নেননি। মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর আসছিল।
লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়রা বলেন, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল। এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন: স্টিল প্লান্টে রুশ হামলা অব্যাহত, শঙ্কায় আজভ ব্যাটালিয়ন
শাহবাজ শরিফের মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন। গেলো মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন), পিপিপির নয়জন, জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) চারজন ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।
একাত্তর/আরবিএস