ইসরাইলি বিমানবন্দরে শেল নিয়ে ঢুকে পড়ায় তুলকালাম

ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময় একটি অবিস্ফোরিত আর্টিলারি শেল হাজির করে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এক মার্কিন পরিবার।

ইসরাইলের একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

তারা জানায়, বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময় ওই পরিবারের এক সদস্য তার ব্যাকপ্যাক থেকে একটি শেল বের করে নিরাপত্তা কর্মকর্তার কাছে জানতে চান সেটি স্যুটকেসে রাখা যাবে কিনা। 

ওই কর্মকর্তা সাথে সাথে আশেপাশের এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তবে কাছেই থাকা আরেক যাত্রী 'সন্ত্রাসী হামলা' বলে চিৎকার করে উঠলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, চেক-ইন এলাকায় আতঙ্কে চিৎকার ও ছোটাছুটি করছেন অনেক মানুষ। অনেকে আবার কি হচ্ছে বুঝতে না পেরে মাটিতে বসে বা শুয়ে পড়েছেন। 

এই বিশৃঙ্খলার মধ্যে পালাতে গিয়ে ৩২ বছর বয়সী এক ব্যক্তি আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

শেল নিয়ে আসা ওই পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ইসরাইল অধিকৃত গোলান হাইটস অঞ্চলে বেড়াতে গিয়ে শেলটি খুঁজে পান তারা। তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না নিশ্চিত হওয়ার পর তাদেরকে বিমানে ওঠার অনুমতি দেয় কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, ইসরাইল ও সিরিয়ার মধ্যে এই গোলান অঞ্চল নিয়ে ব্যাপক বিরোধ রয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এর অধিকাংশ এলাকা দখল করে নেয় ইসরাইল। সেই যুদ্ধের নানা পরিত্যক্ত নিদর্শন এখনো সেখানে খুঁজে পাওয়া যায়। 


একাত্তর/এসজে