আরব অঞ্চলের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়াও ইউরোপের চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ায় প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) নতুন এই তিন দেশ নিয়ে আফ্রিকার বাইরে ১৮ দেশে মাঙ্কিপক্স শনাক্ত হলো।
এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স আরও দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে ঢালাওভাবে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম বলেই জানিয়েছেন তারা।
সাধারণত আফ্রিকায় ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটলেও এবার এই ভাইরাসটি ইউরোপ অস্ট্রেলিয়া এবং আমেরিকায়ও শনাক্ত হয়েছে। এই ভাইরাসের সাধারণ উপসর্গ জ্বর ও ফুসকুড়ি এবং সংক্রমণ সাধারণত হালকা হয়ে থাকে।
আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একজনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে যিনি সম্প্রতি পশ্চিম আফ্রিকা ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তবে তারা এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘পুরোপুরি প্রস্তুত’ আছেন এবং এটি শনাক্তে আগাম নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বরাবরই বলে আসছে, আফ্রিকার বাইরে যেসব দেশে সাধারণত এই ভাইরাসটি দেখা যায় না, সেখানে সঠিক পদক্ষেপ নিলে ভাইরাসটির ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব।
একাত্তর/জো