ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়া নিয়ে তুরস্কের উদ্বেগ অমূলক নয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ।
রোববার (১২ জুন) ফিনল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ বলেন, এসব উদ্বেগ ন্যায্য। এটি সন্ত্রাস ও অস্ত্র রপ্তানির বিষয়।
তিনি আরও বলেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝিতে অবস্থিত তুরস্ক কৃষ্ণসাগরে এর কৌশলগত অবস্থানের কারণে ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে তুরস্কের সহায়তার কথাও মনে করিয়ে দেন তিনি।
'আমাদেরকে মনে রাখতে হবে যে অন্য কোনো দেশ তুর্কিয়ের চেয়ে বেশি সন্ত্রাসী আক্রমণের শিকার হয়নি', বলেন স্টোলটেনবার্গ।
আরও পড়ুন: সৌদি আর ইসরাইলে সফরে যাবেন বাইডেন
উল্লেখ্য, কয়েক দশকের নিরপেক্ষ অবস্থানের পর রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে ন্যাটোতে যোগদানের আবেদন করার সিদ্ধান্ত নেয় ফিনল্যান্ড ও সুইডেন।
তবে তাদের বিরুদ্ধে কুর্দিশ 'সন্ত্রাসী'দের সহায়তা করার অভিযোগ করে এতে ভেটো দিয়েছে তুরস্ক।
একাত্তর/এসজে