আফগানিস্তানে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়শ' জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২২ জুন) পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আয়ুবি জানান, আহতদের উদ্ধার করতে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্গম গ্রামগুলো থেকে এখনও কোনো তথ্য না পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে পাকতিকা প্রদেশ থেকে। সেখানে এখন পর্যন্ত ২৫৫ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে ফিলিস্তিনি নিহত
২০০২ সালের পর এটি আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আঁচ টের পাওয়া গেছে পার্শ্ববর্তী পাকিস্তান ও ভারতেও।
এ ঘটনায় শোক জানিয়েছেন শীর্ষ তালেবান নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা। আন্তর্জাতিক সহায়তা থেকে বঞ্চিত তালেবানের জন্য এই ভূমিকম্প মোকাবেলা করা বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক দশকের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা বেশ দুর্বল। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালন ও সহায়তা পৌঁছানও কঠিন।
একাত্তর/এসজে