জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পশ্চিমবঙ্গের হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে দু’জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ।
শুক্রবার (২৪ জুন) আনন্দবাজার পত্রিকা জানায়, আটক ব্যক্তিদের নাম মোহম্মদ সুমন এবং মোহম্মদ মনির। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট।
বুধবার (২২ জুন) গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে এই দুইজনকে গ্রেপ্তার করে।
আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সেইসাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে সুমন ও মনির। নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গত মার্চে নিজেকে মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে যে জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এসটিএফ তার মুখোমুখি এই দু'জনকে বসিয়েও জেরা করা হতে পারে বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: পদ্মা সেতু নির্মাণের সফল সমাপ্তিতে পাকিস্তানের অভিনন্দন
উল্লেখ্য, গত মার্চ মাসে ওই এলাকা থেকেই এক জন বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ। তবে আগাম খবর পেয়ে অপর একজন পালিয়ে যায়। তারপর থেকেই ওই এলাকার উপরে নজরদারি চালাচ্ছিল পুলিশ।
বুধবার আটক দুইজনের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করানো হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের খোঁজ পায় পুলিশ।
একাত্তর/এসজে