পশ্চিমাদের সাথে অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবে রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত শাখালিন-২ গ্যাস ও তেল প্রকল্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ডিক্রি জারি করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা এক ডিক্রিতে বলা হয়, শাখালিন এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানির সকল স্বত্ব ও কার্যভার গ্রহণ করার জন্য নতুন একটি ফার্ম গঠন করা হয়েছে। এই কোম্পানির প্রায় ৫০ শতাংশের অংশীদার শেল এবং জাপানি ট্রেডিং কোম্পানি মিৎসুই ও মিৎসুবিশি।
পাঁচ পাতার এই ডিক্রিতে বলা হয়েছে, বিদেশি অংশীদাররা থাকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত এখন ক্রেমলিন নেবে।
শাখালিন-২ এ নিজেদের অংশ ছেড়ে দেয়ার কথা কয়েকমাস আগেই জানিয়েছিল ব্রিটিশ তেল ও গ্যাস কোম্পানি শেল। রাশিয়ান ডিক্রির ব্যাপারটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এদিকে জাপান জানিয়েছে, শাখালিনে নিজেদের অংশ ছেড়ে দেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। শাখালিনে মিৎসুইয়ের সাড়ে বারো এবং মিৎসুবিশির ১০ শতাংশ অংশিদারিত্ব রয়েছে।
পৃথিবীর মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চার শতাংশই উৎপাদন করে শাখালিন-২। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাজপ্রম কর্পোরেশন শাখালিন-২ এর ৫০ শতাংশ প্লাস ওয়ান শেয়ারের মালিক।
রাশিয়ার এই পদক্ষেপের ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও মস্কো বলছে, শাখালিন-২ এর সরবরাহ বন্ধ হওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন: টেক্সাসে জিপ-ট্রেইলার সংঘর্ষে চার অভিবাসন প্রত্যাশী নিহত
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, অন্যান্য প্রকল্প ও বিনিয়োগের ভবিষ্যৎ কি হবে সে ব্যাপারে আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বেশ কিছু পশ্চিমা প্রতিষ্ঠান। রাশিয়ার এই পদক্ষেপের ফলে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্কে আরও টানাপোড়েনের সৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।
একাত্তর/এসজে