শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে একমত বিরোধী দলগুলো

একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা শুরু করেছে শ্রীলংকার বিরোধী দলগুলো।

রোববার (১০ জুলাই) বিক্ষোভের মুখে বর্তমান প্রেসিডেন্ট তার প্রাসাদ থেকে পালিয়ে পদত্যাগের ঘোষণা দেয়ার পর শ্রীলংকায় রাজাপাকসে ভ্রাতৃদ্বয়ের নেতৃবাধীন সরকারটি ধসে পড়ে।

তবে বিরোধী দলগুলো বলছে, সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন পার্লামেন্টে তাদের আছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো রোববার বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।

ঐক্যবদ্ধ হয়ে দেশটির চলমান নজিরবিহীন অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয় প্রতিবেদনে।  

বৈঠকের পর ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেন, অন্তবর্তীকালীন সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গড়তে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। এটা হবে এমন একটি সরকার যেখানে সব দলের প্রতিনিধি থাকবে।  

পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সোমবার (১১ জুলাই) বিকেলে একটি বৈঠক ডেকেছে। গোতাবায়ের পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে তা নিয়ে আলোচনা হবে।

এদিকে বিক্ষোভকারীরা এখনো প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে রেখেছে। বিক্ষুব্ধ জনতা শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে হামলা ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয়ার পর জনগণকে দেশে শান্তি বজায় রাখার আবেদন জানায় সেনাবাহিনী। 

আরও পড়ুন: পদত্যাগের পরই নেতাদের বাড়ি ছাড়বেন লঙ্কান বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর স্টাফ প্রধান বলছেন, শান্তিপূর্ণ উপায়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে।

শনিবার (৯ জুলাই) সারা দিন ধরে বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বুধবার পদত্যাগ করবেন এমন ঘোষণা করার পর সেনাবাহিনীর তরফ থেকে এই আবেদন জানানো হয়।


একাত্তর/এসজে