জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঝড়, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর অর্ধেক মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জার্মানির বার্লিনে সোমবার (১৮ জুলাই) জাতিসংঘের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে এ কথা বলেন তিনি।
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অভ্যাস বদলের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, তা না হলে কোনো দেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে না।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের সামনে দুটি বিকল্প থেকে একটি বেছে নেওয়ার সুযোগ আছে। জলবায়ু পরিবর্তন রোধে হয় একযোগে উদ্যোগ নিতে হবে, নয়তো একসঙ্গে আত্মহত্যা করতে হবে।’
বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংকগুলোর সমালোচনা করে গুতেরেস বলেন, ‘এসব প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি কার্যকর নয়। জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহে এসব প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।’
একাত্তর/জো