তুরস্কের বিমান হামলায় ইরাকে নিহত আট, আহত ২০

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ দোহুকে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। এ হামলায় আরও ২০ জন আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) দোহুকের জাখো শহরের একটি রিজোর্টে বোমাবর্ষণের ঘটনা ঘটে। 

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠিয়েছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আল-কাদিমি টুইটারে লিখেছেন, তুর্কি বাহিনী ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।

এদিকে এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুসহ তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। হামলার পরপরই তাদের হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে পথেই ওই আট জনের মৃত্যু হয়। 

ইরাকে নিযুক্ত জাতিসংঘ অফিস এ হামলার নিন্দা জানিয়েছে। এ ঘটনা তদন্তেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: দুর্গাপুরে বালুর ঘরে মিললো গৃহবধূর মরদেহ

তবে এ হামলার বিষয়ে তুর্কি মন্ত্রণালয় কোনো বিবৃতি প্রকাশ করেনি।

ইরাকে কুর্দিদের পিকেকে গোষ্ঠী ও সিরিয়ার ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে তুরস্ক। ওই উভয় সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এরদোগান সরকার। 


একাত্তর/আরবিএস