দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীর ভেরতই এবার মাঙ্কিপক্স হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি ও জরুরী অবস্থার কারণ।
ডব্লিউএইচও ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঠোরভাবে চেষ্টা চালালেও ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।
শনিবার (২৩ জুলাই) এ খবর জানা গেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে।
সম্প্রতি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কয়েক ডজন দেশে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষকে সংক্রমিত করেছে এই ভাইরাসটি।
জরুরী অবস্থা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ টেড্রোস সাংবাদিকদের বলেন, আমাদের সামনে একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে যা সংক্রমণের নতুন পদ্ধতির মাধ্যমে দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, এই ভাইরাসটি সম্পর্কে আমরা খুব কমই বুঝি। এই সকল পরিস্থিতি বিবেচনায় নিয়েই জনস্বাস্থ্যের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যদিও জরুরী অবস্থা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর সকলে বৈশ্বিক জরুরী অবস্থা জারির বিষয়ে একমত হতে পারেনি। এ বিষয়ে টেড্রোস বলেন, ঐক্যমতে আসতে কমিটির অক্ষমতাও জনস্বাস্থ্যের জরুরি অবস্থার প্রতিনিধিত্ব করে এবং এমন পরিস্থিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভাল প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
যদিও এই প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক উপদেষ্টাদের জনস্বাস্থ্য জরুরি অবস্থা নিয়ে দ্বিমত খারিজ করে দিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, এই প্রক্রিয়াটি আবারও প্রমাণ করে যে এই অত্যাবশ্যক প্রক্রিয়াকে আরও কার্যকর করার জন্য দ্রুততার সাথে করা দরকার,
বিশেষজ্ঞদের মতে বিশ্ব স্বাস্থ্যর জরুরী অবস্থা ঘোষণা বৈশ্বিক জনস্বাস্থ্য ঝুঁকির সংকেত দেয়, যার জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রয়োজন। এই জরুরী অবস্থা সদস্য দেশগুলিকে একটি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সংস্থান বিনিয়োগ করতে, প্রতিক্রিয়ার জন্য আরও তহবিল তৈরি এবং দেশগুলিকে প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য ভ্যাকসিন, চিকিত্সা এবং অন্যান্য মূল প্রয়োজনীয়তাকে পরস্পরের সাথে ভাগাভাগি করতে উত্সাহিত করতে পারে।
উল্লেখ্য, আফ্রিকায় বিকশিত এই ভাইরাস ইতিমধ্যে ৭৫ টি দেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে।
একাত্তর/এসএ