সংক্ষিপ্ত ও বিতর্কিত সফরের পর তাইওয়ান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি।
বুধবার (৩ আগস্ট) রাজধানী তাইপেইতে শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর তাইওয়ান ছাড়েন তিনি। এটি ছিল গত ২৫ বছরে সবচেয়ে জ্যেষ্ঠ কোনো মার্কিন রাজনীতিবিদের তাইওয়ান সফর।
তাইওয়ানে না যেতে চীনের সাবধানবাণী উপেক্ষা করে এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ানে এই সংক্ষিপ্ত সফরে যান পেলোসি।
তাইওয়ান স্বায়ত্বশাসিত হলেও চীনের দাবি, এটি তাদের একটি প্রদেশ যা এক পর্যায়ে আবার চীনের সাথে একত্রিত হবে।
বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যারা আগুন নিয়ে খেলে তাদের পরিনাম ভালো হবে না। আর যারা চীনকে ক্ষুব্ধ করবে তাদেরকে শাস্তি পেতে হবে।
'যুক্তরাষ্ট্র তথাকথিত গণতন্ত্রের ছদ্মবেশে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে', যোগ করেন তিনি।
তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সংকটময় অবস্থায় রয়েছে। একদিকে 'এক চীন' নীতিকে সমর্থন দেয়ার ফলে এর আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে চীনের সাথে, তাইওয়ানের সাথে নয়।
আরও পড়ুন: এবার বাণিজ্য সীমিত করার ঘোষণা চীনের, বিপাকে তাইওয়ান
তবে অন্যদিকে, তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের 'বলিষ্ঠ অনানুষ্ঠানিক' সম্পর্ক রয়েছে। এর ফলে আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে তাইওয়ান।
পেলোসির এই সফরের জবাবে বৃহস্পতিবার (৪ আগস্ট) তাইওয়ানের কাছে সমুদ্রে 'প্রয়োজনীয় ও ন্যায্য' সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন।
এই সফরকে ছুতো হিসেবে ব্যবহার করে বেইজিং উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক মার্কিন কর্মকর্তা।
একাত্তর/এসজে