মিসাইল ছুঁড়ে চাকরি হারালেন ভারতীয় তিন বিমান কর্মকর্তা

গত মার্চে পাকিস্তানের দিকে ভুলক্রমে মিসাইল উৎক্ষেপণের ঘটনায় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ভারত। 

মঙ্গলবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বিমান বাহিনী। 

সেখানে আরও বলা হয়, ওই তিন কর্মকর্তা 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থেকে বিচ্যুতি'র কারণে ব্রাহ্মস মিসাইলটি ভুল করে উৎক্ষেপিত হয়েছিলো। 

পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এ নিয়ে সেসময় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। 

তখন এ ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে এর জন্য 'কারিগরি ত্রুটি'কে দায়ী করে দিল্লি। 

জবাবে এ ধরণের 'অবহেলাজনক আচরণের অপ্রীতিকর পরিণামের কথা' মাথায় রেখে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করতে সাবধান করে দিয়েছিল ইসলামাবাদ। 

পাকিস্তানের বিমান বাহিনী জানায়, গত ৩ মার্চ ব্রাহ্মস মিসাইলটি শব্দের গতির তিনগুণ বেশি গতিতে ১২৪ কিলোমিটার দুরত্ব অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমায় বিধ্বস্ত হয়। 

আরও পড়ুন: এবার বাসভবনে টপলেস দুই নারীর ছবি নিয়ে বেকায়দায় সানা মারিন

এর ফলে ভারত ও পাকিস্তানের আকাশসীমায় যাত্রীবাহী বিমান এবং ভূমিতে মানুষের জীবন ও সম্পত্তি বিপদের মুখে পড়ে বলে দাবি করে তারা। 

উল্লেখ্য, রাশিয়া ও ভারত যৌথভাবে তৈরি করেছে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মিসাইল ব্রাহ্মস। 


একাত্তর/এসজে