বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করেছে জার্মানি।
বুধবার (২৪ আগস্ট) জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ট্রেনটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন জ্বালানির ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বিষয়টিকে সবুজ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে এই ট্রেন দেশটির যোগাযোগ খাতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস জার্মান সরকারের। ফরাসি প্রতিষ্ঠান আলস্তম এমন ১৪টি ট্রেন প্রস্তুত করেছে। এই ট্রেনগুলো জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশে ব্যবহার করা হবে। ট্রেনগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
আলস্তমের প্রধান নির্বাহী কর্মকর্তা অঁরি পৌঁপার্ত-লাফার্জ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমার আমাদের শক্তিশালী সহযোগীর সঙ্গে এই প্রযুক্তি কার্যকর করতে পেরে গর্বিত।’ প্রতিষ্ঠানটির দাবি, হাইড্রোজেন জ্বালানি আগামী দিনে ট্রেন যোগাযোগকে শূন্য কার্বন নিঃসরণের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে। বর্তমানে জার্মানির মাত্র ২০ শতাংশ ট্রেন যোগাযোগের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়।
একাত্তর/এআর