নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার বৃহত্তম জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। আসন্ন শীতের আগে রাশিয়ার এ ধরণের কার্যক্রমকে সন্দেহ ও শঙ্কার চোখে দেখছে ইউরোপ।
বুধবার এক বিবৃতিতে গ্যাসপ্রম জানিয়েছে, একটি গ্যাস কমপ্রেসার ইউনিটে আজ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। ফলে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কোম্পানিটি বলছে, স্থানীয় সময় বুধবার সকালে শুরু হওয়া এ স্থবিরতা তিন দিন ধরে চলবে। তিনদিন পর আবার চালু হবে সরবরাহ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে গ্যাস বন্ধের আগাম ঘোষণা দিয়েছিল মস্কো।
যদিও রুশ কোম্পানিটির এমন বক্তব্যের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন বলছে, প্রযুক্তিগত এরকম কিছুই আসলে নেই। সংশ্লিষ্টদের ধারণা, ইউরোপকে নতুন করে চাপে ফেলতেই মস্কোর এ সিদ্ধান্ত।
রাশিয়া সরবরাহ আরও কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুদ করা কঠিন হয়ে পড়বে। একইসাথে সেখানকার জনজীবন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।
জার্মান সরকার রাশিয়ার এ দাবিকে প্রত্যাখ্যান করেছে, এটিকে একটি "ছলনা" বলে অভিহিত করেছে। জার্মানির দাবি, নর্ড স্ট্রিম "সম্পূর্ণভাবে চালু" ছিল এবং কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না।
আরও পড়ুন: আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাস
সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে গ্যাস প্রবাহ প্রত্যাশিত মাত্রার চেয়ে ৪০ শতাংশ কমে গেছে। জুলাই মাসেও নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস বন্ধ করা হয়েছিল এবং ১০ দিন পরে আবার তা চালু হয়েছিল।
ইউক্রেন আক্রমণ করার পর থেকে বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে রাশিয়া এবং অন্যান্য পাইপলাইনে কমিয়ে দিয়েছে প্রবাহ।
একাত্তর/আরবিএস