ইইউ'র ভিসা নিষেধাজ্ঞা নিয়ে পাল্টা হুমকি মস্কোর

রাশিয়ার ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরইমধ্যে রুশ নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ।

এ বিষয়ে মস্কো জানিয়েছে, রাশিয়ার ভিসা নীতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তকে গুরুত্বসহকারে বিবেচনা করবে মস্কো। কিন্তু ইইউ রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা কঠোর ব্যবস্থা নেবে মস্কো।

রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) রাশিয়া-১ টিভি চ্যানেলে সম্প্রচারিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।  

যদিও রাশিয়ার পাল্টা ব্যবস্থা কি হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের ব্যাখ্যা দেননি পেসকভ। 

তবে তিনি বলেছেন, পাল্টা ব্যবস্থা অবশ্যই রাশিয়ার স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। দ্রুত এ বিষয়ে মস্কোর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। 

ইইউ'র এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলছেন, পশ্চিমারা নিজের পায়ে নিজেই গুলি করার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউউর সঙ্গে করা চুক্তিটি বাতিল হলে রুশ নাগরিকদের ইউরোপের দেশ ভ্রমণে অতিরিক্ত সময় ও অর্থ গুনতে হবে তাদের। এতে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রুশবিরোধী এজেন্ডাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পুতিন প্রশাসন পিছপা হবে না বলেও হুশিয়ারি দিয়েছে মস্কো। 

এর আগে গত ৩১ অগাস্ট ইইউ’র কূটনীতি ও নিরাপত্তা নীতি-বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল ঘোষণা করেন, ইইউ’র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার সঙ্গে ইইউ’র ভিসা সুবিধা চুক্তি বাতিলে একমত হয়েছেন। ফলে রাশিয়ানদের জন্য ইইউ দেশগুলোর নতুন ভিসা প্রাপ্তি আরও কঠিন হয়ে যাবে। নতুন ভিসার সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। তবে, পদক্ষেপটি এখনও আইনে পরিণত করা হয়নি।

আরও পড়ুন: 'চীনে দশ হাজারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র'

এদিকে এরইমধ্যে রুশ নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি দেশ। যার মধ্যে রয়েছে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। 

অন্যদিকে ভিসা বাতিলের সিদ্ধান্তে কিছুটা একমত হলেও ঢালাওভাবে ভিসা বন্ধের বিষয়ে রাজি নয় জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলরের মতে, এতে হিতে-বিপরীত হতে পারে।


একাত্তর/আরবিএস