এক দশক পর পোলিও শনাক্ত, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে, এমন তথ্য প্রকাশ্যে আসার পর উত্তরপূর্বাঞ্চলীয় এ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর।

তবে এখন পর্যন্ত মাত্র একজনই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই পোলিও আক্রান্তের প্রথম ঘটনা। 

শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক সিটির চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।  

এদিকে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির একটি নমুনায় সর্বশেষ এ ভাইরাস পাওয়া গেছে। এছাড়া অরেঞ্জ, রকল্যান্ড এবং সুলিভান কাউন্টিগুলোর পাশাপাশি নিউ ইয়র্ক সিটির আশেপাশে এপ্রিল থেকে প্রতি মাসে নেওয়া নমুনায়ও ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

নিউইয়র্কের কর্মকর্তারা জুলাইয়ে বলেছিলেন যে, রকল্যান্ড কান্ট্রিতে একজন যুবকের শরীরে পোলিও ভাইরাস পাওয়া গেছে। 

প্রায় এক দশকের মধ্যে দেশটিতে প্রথম পোলিও আক্রান্ত হন ওই ব্যক্তি। সবশেষ ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে কারো শরীরে পোলিও শনাক্ত হয়েছিল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে ১৯৫৫ সালে পোলিওর টিকাদান শুরু হয় এবং ১৯৭৯ সালে দেশটি নিজেদেরকে পোলিওমুক্ত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: কেমন রাজা হবেন চার্লস?

শুক্রবার জরুরি অবস্থা জারি করার পর কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইসারটিকে রুখতে দ্রুত টিকা দেয়া হবে।  

উল্লেখ্য, পোলিওর ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকলেও টিকার মাধ্যমে একে রোধ করা যায়। 

চিকিৎসকরা বলছেন, ভাইরসটি সাধারণত মাংসপেশীকে দুর্বল এবং অক্ষম করে দেয়। ভাইরাসটি শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যহানীর কারণ হয়। এতে মৃত্যুও হতে পারে। 


একাত্তর/আরবিএস