উত্তরপ্রদেশে জাতীয় সঙ্গীত থেকে বাদ পড়লো ‘উৎকল’ ও ‘বঙ্গ’

ভারতের উত্তরপ্রদেশে সরকারি স্কুলের পাঠ্যবইয়ে ছাপা জাতীয় সঙ্গীত 'জনগণমন' থেকে বাদ পড়েছে ভারতের দুই অঙ্গরাজ্য ‘উৎকল’ এবং ‘বঙ্গ’। যোগী আদিত্যনাথের রাজ্যে সরকারি পাঠ্যপুস্তকে জাতীয় সঙ্গীতের এমন বিকৃতি নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে নানা রাজনৈতিক বিতর্ক।

সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে পঞ্চম শ্রেণির হিন্দি পাঠ্যপুস্তকে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র যে রূপ ছাপা হয়েছে, তার দ্বিতীয় পংক্তিতে রয়েছে, ‘পঞ্জাব সিন্ধু গুজরাত মরাঠা দ্রাবিড়’। এর পর ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ বাদ দিয়েই রয়েছে তৃতীয় পংক্তি— ‘বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ’। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, ইতিমধ্যেই ভুল জাতীয় সঙ্গীত সম্বলিত আড়াই থেকে তিন লক্ষ পাঠ্যপুস্তক ছাপিয়ে ফেলেছে উত্তরপ্রদেশ প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর।

এদিকে এ বিতর্ক শুরুর পরপরই কর্তৃপক্ষ একে ভুল আখ্যা দিয়ে প্রকাশককে এক সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তক পরিবর্তনের নির্দেশ দিয়েছে।

এই ভুল প্রকাশ্যে আসতেই বিরোধী শিবিরে শুরু হয়েছে বিতর্ক। প্রাথমিক শিক্ষা দপ্তরের সচিবের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 

যদিও যোগী সরকারের প্রাথমিক শিক্ষা দপ্তর এ ঘটনার দায় চাপিয়েছে প্রকাশনা সংস্থার উপর।

আরও পড়ুন: রাজপ্রাসাদ থেকে রানির মরদেহ যাচ্ছে ওয়েস্টমিনস্টারে

জাতীয় সঙ্গীতের অবমাননার দায়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিরোধীরা। 

বিজেপি বিরোধী শিবির বলছে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে কখনই ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। সে কারণেই পূর্ব ভারতের দুই রাজ্যের প্রতি বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ সরকারের এমন দৃষ্টি। 


একাত্তর/আরবিএস