যুক্তরাষ্ট্রে আবারও হারিকেনের রূপ নিতে পারে ইয়ান

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইয়ান আবারও হারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এটি আঘাত হানতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। এর ফলে সম্পূর্ণ সাউথ ক্যারোলাইনা উপকূলে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। 

এদিকে, ইয়ানের আঘাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অরল্যান্ডোর ভলুসিয়া কাউন্টিতে ৭৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইয়ান কেপ ক্যানাভেরাল থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে বলে জানা গেছে। এর সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। 


ইয়ানের আঘাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফ্লোরিডার প্রায় ২৫ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন বন্যা প্রতি পাঁচশ' বছরে একবার আসে বলে মন্তব্য করেছেন ফ্লোরিদার গভর্নর রন ডিস্যান্টিস। 

বৃহস্পতিবার রাত নাগাদ ইয়ান আবারও হারিকেনে রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এরপর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এটি।  

আরও পড়ুন: ভারতে অবিবাহিত নারীদের গর্ভপাতের অধিকার দিয়ে রায়

অন্যদিকে, ফ্লোরিডা উপকূল থেকে সতর্কতা সংকেত উঠিয়ে নিলেও, সেখানে প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। 

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুক্রবার ফ্লোরিডা যাবেন বাইডেন প্রশাসনের শীর্ষ দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা ডিয়্যান ক্রিসওয়েল। 


একাত্তর/এসজে