ভারতের মহারাষ্ট্রর নাসিকে বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন।
শনিবার (৮ অক্টোবর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নাসিকের ঔরঙ্গাবাদ রোডে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের পর আগুন ধরে যায়।
নাশিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে বলেন, নিহতদের অধিকাংশই স্লিপার কোচের যাত্রী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রুশদের পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে: জেলেনস্কি
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
একাত্তর/এসজে