ভেনেজুয়েলায় ভারী বৃষ্টি ও বন্যায় ২৫ জন নিহত

মধ্য ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিতে পাঁচটি ছোট নদী প্লাবিত হয়ে অন্তত ২৫ জনের প্রাণহানি এবং ৫২ জন নিখোঁজ রয়েছেন। 

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে দেশটির সিটিজেন সিকিউরিটি ভাইস প্রেসিডেন্ট রেমিজিও সেবেলোস এই তথ্য জানান। 

এর আগে রোববার সকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, শনিবার রাতের ভারী বর্ষণের ফলে পাহাড়ের আশপাশের বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসাবশেষ তেহেরিয়াস এলাকার বসতিতে এসে পড়ে। এতে এলাকাটির ব্যবসা এবং কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

তেহেরিয়াস এলাকাটি রাজধানী কারাকাস থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। 

রদ্রিগেজ বলেন, এক মাসের বৃষ্টি মাত্র আট ঘণ্টায় হয়েছে এবং স্থানীয়দের খাবার পানির পাম্পগুলো বৃষ্টির পানিতে ভেসে গেছে। শহরজুড়ে কাদা এবং পাথরের নিচে আটকেপড়া লোকজনের সন্ধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬

সামরিক বাহিনীর সদস্য এবং উদ্ধারকর্মীরাও নদীর তীরবর্তী এলাকাগুলোতে জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। 

এদিকে, এক টুইটবার্তায় অঞ্চলটিকে একটি দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে আখ্যায়িত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

 

একাত্তর/এসজে