বঙ্গোপসাগরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইএনএস অরিহন্ত একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের (এসএলবিএম) সফল উৎক্ষেপণ করেছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি পূর্বনির্ধারিত পরিসরে পরীক্ষা করা হয়েছিল এবং এটি খুব উচ্চ নির্ভুলতার সাথে বঙ্গোপসাগরে লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলেছিল। অস্ত্র ব্যবস্থার সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত পরামিতি যাচাইয়ে এটি উত্তীর্ণ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এসএসবিএন প্রোগ্রামের সফলতা প্রমাণ করার জন্য ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার মূল উপাদান হিসেবে এই পরীক্ষা তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: ইউক্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা বন্ধ করছেন মাস্ক

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের নৌ পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। ভারতীয় ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন মোতায়েন করা হলে পানির নিচ থেকে চীন ও পাকিস্তানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হতে পারে।

ভারতসহ ছয়টি দেশের কাছে এখন সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তারা হলো- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে