মেক্সিকোর পূর্বাঞ্চলীয় শহর ইরাপুয়াতোতে একটি বারে অজ্ঞাত বন্দুধকধারীদের গুলিতে ছয় নারীসহ ১২ জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, শনিবার (১৫ অক্টোবর) স্থানীয় কার্টেল (মাদক চক্র) সহিংসতাকে কেন্দ্র করে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
শিল্পাঞ্চল গুয়ানাজুয়াতো রাজ্য দুই প্রধান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী- সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশনের মধ্যে মাদক পাচার ও জ্বালানী চুরি নিয়ে তুমুল বিরোধ দেখা দিয়েছে৷ পুলিশের ধারণা, হামলার জন্য এই দুই গোষ্ঠীই দায়ি।
শনিবার রাত ৮টার দিকে একটি সশস্ত্র দল ইরাপুয়াতো শহরের একটি বারে প্রবেশ করার পর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তারা বারের গ্রাহক এবং কর্মীদের উপর গুলি চালায়।
এদিকে হামলার পরপরই বন্দুকধারীদের ধরতে অভিযানে নেমেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, একজন নিহতের মৃতদেহ একটি মোটরসাইকেলের পাশে পাওয়া গেছে, বাকি নিহতদের বারের ভেতরে পাওয়া গেছে।
আরও পড়ুন: ছয় দফা দাবিতে কমলাপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ
এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাজুয়াতোতে এটি দ্বিতীয় বন্দুক হামলা। গেলো সেপ্টেম্বরে সশস্ত্র হামলাকারীরা রাজ্যের তারিমোরো পৌরসভার একটি পুল হলে অন্তত ১০ জনকে হত্যা করে। এবং এই মাসের শুরুর দিকে সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলো গুয়েরেরো রাজ্যের সান মিগুয়েল টোটোলাপানের টাউন হলে মেয়রসহ ২০ জনকে হত্যা করেছিল।
কর্তৃপক্ষ বলছে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে দুই হাজার ১১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
একাত্তর/আরবিএস