ইইউ গ্যাসের দাম ঠিক করলে সরবরাহ বন্ধ করবে রাশিয়া

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়, তাহলে ইইউ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

রোববার (১৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির বরাতে এ কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। 

এ বিষয়ে গ্যাজপ্রমের সিইও আলেক্সি মিলার বলেন, ক্রেতাদের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে গ্যাসের দাম নির্ধারিত হয়। এখন যদি চুক্তির কোনো পক্ষ একতরফাভাবে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম ঠিক করে দেয়, তাহলে তা হবে চুক্তিবিরোধী কাজ। এমন অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই বিষয়ে ইইউ'কে সতর্ক করেছিলেন।  

পুতিন বলেছিলেন, আমাদের স্বার্থের পরিপন্থী হলে আমরা কিছুই সরবরাহ করবো না। আমরা গ্যাস, তেল, কয়লা কিছুই দেবো না।

যদিও রুশ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না জি৭ জোটের সদস্য দেশগুলো। এরইমধ্যে জোটের সদস্যরা রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের ওপর মূল্যসীমা আরোপের জন্য আলোচনা করছে। জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি জোট। এই সাতটি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ।  

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশ ইইউ কমিশনকে রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়ার আহ্বান জানায়। এরপর থেকেই এ নিয়ে মুখোমুখি অবস্থানে রাশিয়া-ইইউ।  


একাত্তর/আরবিএস