অর্থনীতির হাল ফেরাতে নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আহবান

ভারতের বেহাল অর্থনীতির হাল ফেরাতে নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আহবান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দীপাবলির পূজা করতে করতেই তার মাথায় এই ভাবনা আসে বলেও জানিয়েছেন আম আদমি পার্টির এই নেতা। খবর: আনন্দবাজার।

তিনি বলেন, ‘আমরা সবাই দেখতে পাচ্ছি, কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। সবাই চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়। এজন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই, যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।’

সাংবাদিকদের সামনে কেজরিওয়াল বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের নোটের এক দিকে গান্ধীজীর ছবি রয়েছে। সেটা তেমনই থাকুক। কিন্তু অন্যদিকে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা উচিত।’

কেজরিওয়াল জানান, তিনি নোটে কোনও বদল আনার কথা বলছেন না। শুধু লক্ষ্মী ও গণেশের ছবি দেওয়ার আবেদন করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন নতুন নোট ছাপা হয়। এই ছবিগুলো তাতে ঢুকিয়ে দিলেই হয়।’ 

কিন্তু কেন তিনি শুধু লক্ষ্মী-গণেশের ছবিই দিতে বলছেন? কেজরিওয়ালের জবাব, ‘এই দুই দেবদেবীর কৃপা থাকলেই মানুষ সমৃদ্ধির মুখ দেখতে পারে। যেটা আমাদের অর্থনীতিতে বর্তমানে অনুপস্থিত।’

এ প্রসঙ্গে নিজের মতো করে উদাহরণও টেনেছেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার দিকে তাকান। সেখানে ২-৩ শতাংশ হিন্দু জনসংখ্যা আছে। কিন্তু ওদের নোটের উপর গণেশের ছবি আছে। ইন্দোনেশিয়া করতে পারলে আমরা কেন পিছিয়ে থাকবো?’

আরও পড়ুন: অজগরের পেটে মিললো নারীর মৃতদেহ

তিনি বলেন, ‘এই দাবি জানিয়ে আমি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখবো। কারণ, এখন যা পরিস্থিতি তাতে মানুষের প্রচেষ্টার পাশাপাশি ভগবানের করুণারও দরকার হয়ে পড়েছে। এছাড়া হবে না।’ 


একাত্তর/জো