ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে একটি অজগরের পেটে এক নারীর আস্ত মরদেহ পাওয়া গেছে।
বুধবার (২৬ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী নিখোঁজ হওয়ার একদিন পর ফুলে-ফেঁপে ওঠা এক পেটমোটা অজগর দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেটিকে হত্যা করে পেটের ভেতর ওই নারীর মরদেহ খুঁজে পান।
জাহরাহ নামের পঞ্চাশোর্ধ্ব ওই নারী একটি রাবার বাগানে কাজ করতেন বলে জানা গেছে।
রোববার (২৩ অক্টোবর) সকালে কাজে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। তাকে খুঁজতে উদ্ধার অভিযান শুরু করা হয়। এর একদিন পর তার মরদেহ পাওয়া যায়।
বেতারা জাম্বির পুলিশ প্রধান একেপি এস হারেফা জানান, অজগরটির পেটে ওই নারীর মরদেহ মোটামুটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, রোববার রাতে জাহরার স্বামী রাবার বাগানের এক জায়গায় তার কিছু কাপড়চোপড় ও ব্যবহার্য যন্ত্রপাতি খুঁজে পান। এরপরই উদ্ধান অভিযান চালানোর অনুরোধ করেন তিনি।
অজগরটি লম্বায় ছিল প্রায় ১৬ ফুট লম্বা। সেটির পেট চিরে জাহরার মরদেহ বের করার পর তার পরিচয় নিশ্চিত করা হয়।
ইন্দোনেশিয়ায় এ ধরণের ঘটনা বিরল হলেও এই প্রথম এমন ঘটনা ঘটেনি। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে অজগরের আক্রমণে দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: রুশ সুপারইয়ট বাজেয়াপ্ত করতে দক্ষিণ আফ্রিকার অস্বীকৃতি
অজগর তাদের খাবার আস্ত গিলে খেয়ে থাকে। এদের দুই চোয়াল খুবই শক্ত লিগামেন্ট দিয়ে যুক্ত, যার ফলে সেগুলো প্রসারিত হয়ে বড় বড় শিকার গিলে ফেলতে পারে।
সাধারণত ইঁদুরের মতো ছোট ছোট প্রাণী খেয়ে থাকলেও, আকারে বেশি বড় হয়ে গেলে তখন শূকর বা গরুর মতো প্রাণীও খেয়ে ফেলতে পারে অজগর।
একাত্তর/এসজে
