ভারতে শিবসেনা নেতাকে গুলি করে হত্যা

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে হিন্দু শিবসেনার এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৪ নভেম্বর) বিক্ষোভ প্রদর্শনকালে সুধীর সুরী নামের ওই নেতাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে বিবিসি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্থানীয় এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সুধীর সুরী ভারতের মৌলবাদী ধর্মীয় গোষ্ঠী হিন্দু শিবসেনার একজন নেতা ছিলেন।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা এর পেছনে রয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 

সুরীর বিরুদ্ধে শিখ সম্প্রদায় ও তাদের ধর্মবিশ্বাস নিয়ে কটূক্তি করার অভিযোগ করেছেন ভারতীয় ও প্রবাসী শিখ ধর্মাবলম্বীরা। 

পুলিশ জানিয়েছে, হিন্দু দেবতাদের অবমাননার বিরুদ্ধে অমৃতসরের একটি স্থানীয় মন্দিরের বাইরে বিক্ষোভ করছিলেন সুরী।  

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমৃতসরে বেশ কয়েকটি ধর্ম সম্পর্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: খেরসনবাসীকে সরানোর সিদ্ধান্তে পুতিনের প্রকাশ্য অনুমোদন

সেপ্টেম্বরে স্বর্ণমন্দিরের বাইরে তামাক সেবন ও মদপানের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করা হয়। 

এর আগে গত বছর স্বর্ণমন্দিরের বাইরে 'অপবিত্র কর্মকাণ্ডের' অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। 


একাত্তর/এসজে