অবশেষে টুইটারে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু

টুইটার কেনার পরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, ভেরিফায়েড অ্যাকাউন্ট বা 'ব্লু টিক' পেতে হলে ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। এবার সত্যি সত্যি সেই পরিকল্পনা বাস্তবায়ন করলেন তিনি। 

শনিবার (৫ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে সাত দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছে টুইটার। 

অ্যাপলের আইওএস ডিভাইসে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাদেরকে 'সেলেব্রিটি, কোম্পানি ও রাজনীতিবিদদের মতো' নামের পাশে ব্লু টিক যোগ করার অপশন দেয়া হবে। 

তবে এখন পর্যন্ত আগের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে যায়নি বলে দেখা গেছে। 

যে কাউকে ব্লু টিক দেয়া হলে তা নির্বাচনের আগে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। রাজনীতিবিদ ও নির্বাচন কর্মকর্তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। 

কনটেন্ট নিয়ন্ত্রণ ও ভেরিফিকেশন ব্যবস্থায় ঢিলেমি দেয়া হলে তা সরকারি সংস্থা, নির্বাচন বোর্ড, পুলিশ দপ্তর ও সংবাদমাধ্যমের মতো যারা জনগণকে তথ্য দিয়ে সাহায্য করে জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 

হাই প্রোফাইল সেলেব্রিটি ও রাজনীতিবিদদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা বন্ধ করতে ২০০৯ সালে ভেরিফিকেশন ব্যবস্থা চালু করে টুইটার। 

এতদিন টুইটারে প্রায় চার লাখ ২৩ হাজার ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল। এদের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক সাংবাদিকও রয়েছেন, যাদেরকে ফলোয়ার সংখ্যা বিবেচনা না করেই ব্লু টিক দেয়া হতো।

টুইটারের নতুন এই ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগের ব্যবস্থায় প্রায় ২৪ কোটি ব্যবহারকারী ব্লু টিক দেখে নির্ধারণ করতে পারতেন তারা যে তথ্য পাচ্ছেন তা সঠিক কিনা। 

শনিবার (৫ নভেম্বর) মাস্কের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভোলকার তুর্ক বলেন, মানবাধিকারের জন্য সম্মান নিশ্চিত করা সামাজিক যোগাযোগ মাধ্যমটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


একাত্তর/এসজে