জি-২০ সম্মেলনে অংশ নেবেন না পুতিন: ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সরকারি একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না।

এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জানান, সম্মেলনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিলো।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সশরীরে উপস্থিত না হলে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হবেন পুতিন।

আগামী ১৫ থেকে ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার সৈকত শহর বালিতে বসতে যাচ্ছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন।

আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে চিনের শি জিনপিং, বিশ্বের তাবড় রাষ্ট্র নেতাদের উপস্থিত থাকার কথা ওই সম্মেলনে।

তবে, ক’দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিলে কিয়েভ তাতে যোগ দেবে না

তিনি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের নেতা জি-২০ সম্মেলনে অংশ নিলে, ইউক্রেন অংশগ্রহণ করবে না।’

আরও পড়ুন: খেরসন থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

প্রসঙ্গত, বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ হলো জি-২০। ১৯৯৯ সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।

গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন।


একাত্তর/আরএ