প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেয়া ন্যান্সি পেলোসি পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে রিপাবলিকানরা চেম্বারের নিয়ন্ত্রণ নিলে পেলোসি পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। তবে নিম্নকক্ষে নিজ জেলার প্রতিনিধিত্ব করা চালিয়ে যাবেন তিনি।
৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে ক্ষমতাশালী ডেমোক্র্যাট নেতা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর তিনি এই ঘোষণা দিলেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে পেলোসি বলেন, 'কখনোই ভাবিনি যে আমি গৃহিণী থেকে কংগ্রেস স্পিকার হয়ে উঠবো। পরবর্তী নির্বাচনে আমি ডেমোক্র্যাটদের নেতা হওয়ার দৌড়ে অংশ নেব না। নতুন একটি প্রজন্মের ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেয়ার সময় এসেছে'।
কংগ্রেসের পরবর্তী স্পিকার হিসেবে কেভিন ম্যাকার্থিকে মনোনীত করেছে রিপাবলিকানরা। ফলে তিনিই পেলোসির উত্তরসূরি হবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের পরবর্তী নেতা হতে পারেন নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিস। তেমনটা হলে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস নেতা।
১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত ন্যান্সি পেলোসি ২০০৩ সালে প্রতিনিধি পরিষদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। এরপর ২০০৬ সালে ডেমোক্র্যাট দল পরিষদের নিয়ন্ত্রণ নিলে তিনি কংগ্রেসে কোনও বড় রাজনৈতিক দলের প্রথম নারী নেতা হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পাল্লা ছিল উত্তর কোরীয় মিসাইলের
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন পেলোসিকে ‘গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক’ এবং মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হাউস স্পিকার হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছেন।
বাইডেন বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালালে আমাদের গণতন্ত্র রক্ষায় তার কঠোর ভূমিকা এবং সংকল্প ইতিহাসে পেলোসি স্মরণীয় হয়ে থাকবেন।